বাংলাদেশকে দেখে ভারতে জেন-জি আন্দোলন
বাংলাদেশের আন্দোলন দেখে ভারতে জেন-জি আন্দোলন: নেহা বোরা
বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে ভারতের তরুণ সমাজ। দেশটিতে চলমান জেন-জি আন্দোলনের পেছনে বাংলাদেশের আন্দোলনের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রগতিশীল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।
প্রগতিশীল ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভিডিও বার্তাটি নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
নেহা বোরা বলেন, ভারতজুড়ে বর্তমানে যে জেন-জি আন্দোলন চলছে, তা মূলত বাংলাদেশকে দেখেই শুরু হয়েছে। আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার যে লড়াই বাংলাদেশে শুরু হয়েছিল, ভারতের বর্তমান বিক্ষোভের লক্ষ্যও একই বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে উল্লেখ করে নেহা বোরা আরও বলেন, ভারতীয় তরুণদের প্রতি সমর্থন ও অনুপ্রেরণা জোগানোর জন্য বাংলাদেশের মানুষকে ধন্যবাদ। বাংলাদেশের আন্দোলন থেকে তাঁরা শিখেছেন বলেও জানান তিনি।
দক্ষিণ এশিয়ায় একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে এআইএসএর এই নেত্রী বাংলাদেশের ছাত্রসমাজের প্রতি সংহতি প্রকাশ করেন।