বারান্দা থেকে পড়ে প্রেমিকের মৃত্যু! প্রেমিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বারান্দা থেকে পড়ে প্রেমিকের মৃত্যু, ইনফ্লুয়েন্সার প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ
ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছে ২৮ বছর বয়সী ক্যাফে ব্যবসায়ী শিবা শর্মার। এ ঘটনায় তাঁর প্রেমিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার শ্রদ্ধা দুবের বিরুদ্ধে ব্ল্যাকমেইল, শারীরিক নির্যাতন ও হত্যার অভিযোগ তুলেছেন নিহতের মা। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। তবে শিবার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার রাতে লক্ষ্ণৌর হাজরতগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিবার মা রঞ্জনা শর্মার অভিযোগ, প্রায় চার মাস ধরে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর ছেলেকে ব্ল্যাকমেইল করছিলেন শ্রদ্ধা। একই সঙ্গে শারীরিক নির্যাতন করা হতো বলেও দাবি করেছেন তিনি।
রঞ্জনা শর্মা জানান, ছেলের মৃত্যুর খবর তাঁকে ফোনে জানানো হয়। বলা হয়, শিবা বারান্দা থেকে পড়ে গেছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে শ্রদ্ধার চালক পরিচয় দিয়ে দানিশ নামের এক ব্যক্তি শিবাকে হাসপাতালে নেওয়ার কথা জানান। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
হাসপাতালে পৌঁছে ছেলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান বলে অভিযোগ করেন রঞ্জনা। তাঁর দাবি, শিবার পাঁজর, কাঁধ, হাত ও উরুতে সিগারেটের পোড়া দাগ ছিল। এ ছাড়া চোয়ালে গুরুতর আঘাত এবং চোখ, কান ও নাক দিয়ে রক্তপাতের চিহ্নও দেখতে পান তিনি। এসব আঘাতের কারণে মৃত্যুর আগে শিবাকে মারধর করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তাঁর মা।
এদিকে, রঞ্জনার আরও অভিযোগ, সম্পর্ক বজায় রাখতে শিবাকে চাপ দিতেন শ্রদ্ধা। তাঁর কথা না শুনলে চুরির মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হতো। বিয়ের বিষয়ে আলোচনা হওয়ার পর শ্রদ্ধার আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বলেও দাবি করেছেন তিনি।
এ ঘটনায় শ্রদ্ধা দুবে, তাঁর বোন রশ্মি দুবে, দানিশ, আদিলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে শিবার মৃত্যুর পেছনে আসল ঘটনা কী, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত আরও এগিয়ে নেওয়া হবে।