সড়ক দুর্ঘটনায় তানজিন তিশা অল্পের জন্য রক্ষা!
মানিকগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা
শোরুম উদ্বোধন করতে মানিকগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে বড় ধরনের কোনো শারীরিক আঘাত ছাড়াই নিরাপদে ফিরেছেন তিনি। দুর্ঘটনার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী।
শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তানজিন তিশা লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’
তাঁর এই পোস্টের পর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে কিংবা ঠিক কোন স্থানে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।
এদিকে, দুর্ঘটনার কারণে মানিকগঞ্জে শোরুম উদ্বোধনের নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। পরে নিরাপদে ঢাকায় ফিরে আসেন তানজিন তিশা।
ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের জনপ্রিয়তা ধরে রেখেছেন তানজিন তিশা। তাঁর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত ও অনুরাগীরা তাঁর সুস্থতা নিয়ে খোঁজখবর নিচ্ছেন।