বাঁধনের পাশে সরকার ইতালিতে যতদিন থাকবেন, সব সহায়তা

৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৩:৫৬ অপরাহ্ণ
 0
বাঁধনের পাশে সরকার ইতালিতে যতদিন থাকবেন, সব সহায়তা

বাঁধনকে সব ধরনের সহায়তা করবে সরকার: শামা ওবায়েদ

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় তার পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। ইতালিতে বাঁধন যতদিন অবস্থান করবেন, ততদিন তাকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ইতালির ভেনিসে বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত জঘন্য। এ ঘটনায় করা মামলা পরিচালনা ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য মিলানে বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, কনস্যুলেট ও রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট সবাই তাকে প্রয়োজনীয় সহায়তা করছেন।

তিনি বলেন, বাঁধন ইতালিতে যতদিন অবস্থান করবেন, ততদিন এই সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংসতা ও অরাজকতার বিরুদ্ধে।

বাঁধনের ওপর হামলার ঘটনা তার ভিসা প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন-কানুন ও নিয়মনীতি মেনে চলা স্বাভাবিক বিষয়।

তিনি আরও বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে বাংলাদেশি নাগরিকের সঙ্গে ন্যক্কারজনক কোনো ঘটনা ঘটলে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।