আজান দিতে গিয়ে মোয়াজ্জিনকে ছুরিকাঘাত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায়

৫ অক্টোবর ২০২৬ - ১৫:৫৮ অপরাহ্ণ
 0
আজান দিতে গিয়ে মোয়াজ্জিনকে ছুরিকাঘাত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায়

নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় এক মোয়াজ্জিনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। পেটে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত মো. সৈয়দ ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোরে নলডাঙ্গার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত সৈয়দ ইসলাম ওই এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে মসজিদে আজান দিচ্ছিলেন সৈয়দ ইসলাম। হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশপাশের লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে মসজিদের দিকে ছুটে যান।

পরে মসজিদের ভেতরে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা যায়। হামলার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান জানান, ঘটনার পর পুলিশ প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।