মন্টিনেগ্রোতে ৫০ হাজারের বেশি বাংলাদেশি কর্মীর সুযোগ

৫ অক্টোবর ২০২৬ - ১৬:০২ অপরাহ্ণ
 0
মন্টিনেগ্রোতে ৫০ হাজারের বেশি বাংলাদেশি কর্মীর সুযোগ

মন্টিনেগ্রোতে প্রতি বছর ৫০ হাজারের বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির পার্লামেন্ট সদস্য গোরদান স্তোয়োভিচ জানিয়েছেন, পর্যটন, নির্মাণ, আতিথেয়তা ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সুযোগ রয়েছে।

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও মন্টিনেগ্রোর মধ্যে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, সংসদীয় সম্পর্ক জোরদার ও প্রতিনিধি দল বিনিময়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বাণিজ্য বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। মন্টিনেগ্রো আমদানিনির্ভর দেশ উল্লেখ করে গোরদান স্তোয়োভিচ বলেন, তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক এবং পাটজাত পণ্য আমদানির সুযোগ রয়েছে।

অন্যদিকে বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সামুদ্রিক খাদ্য, পরিবেশবান্ধব পর্যটন, তৈরি পোশাক, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানান তিনি।

এর পরিপ্রেক্ষিতে নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে মন্টিনেগ্রোর বিনিয়োগের আগ্রহের কথা জানান গোরদান স্তোয়োভিচ। বাংলাদেশের পর্যটন খাতেও যৌথভাবে কাজ ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি।

জনশক্তি রপ্তানি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তির বৈধ অভিবাসন বাড়াতে সরকার কাজ করছে। তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, নির্মাণ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে বাংলাদেশের দক্ষ কর্মী রয়েছে বলেও জানান তিনি।

এ সময় মন্টিনেগ্রোর পার্লামেন্ট সদস্য বলেন, দেশটিতে বছরে ৫০ হাজারের বেশি দক্ষ জনশক্তির প্রয়োজন হতে পারে। শ্রমবাজারের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে জি-টু-জি চুক্তির মাধ্যমে কর্মী নিয়োগের সম্ভাবনার বিষয়েও ইতিবাচক মনোভাব জানান তিনি।

এ ছাড়া বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজ করা এবং শ্রমিকদের চলাচলসংক্রান্ত চুক্তি কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে শিক্ষা, নারীর ক্ষমতায়ন, খেলাধুলা, সংস্কৃতি, অভিবাসন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।