রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু ২০০ জনের বেশি কোয়ারেন্টাইনে

৫ অক্টোবর ২০২৬ - ১৫:৫৪ অপরাহ্ণ
 0
রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু ২০০ জনের বেশি কোয়ারেন্টাইনে

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে প্লেগে আক্রান্ত হয়ে ২৮ বছর বয়সী এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যুর পর ২০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে অন্তত পাঁচটি হাসপাতাল।

ইরকুত্স্ক অঞ্চলের শেলেখভ শহরের অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে। নিহত টেকনিশিয়ান দারিয়া শিপিলোভা সেখানে কাজ করতেন। ধারণা করা হচ্ছে, তিনি নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়েছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নমুনা সংগ্রহের সময় জীবিত ব্যাকটেরিয়া থাকা একটি টেস্ট টিউব দুর্ঘটনাবশত ভেঙে যায়। এরপর শিপিলোভা চিকিৎসকদের বিষয়টি জানান।

গত ২৯ সেপ্টেম্বর গুরুতর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ভেন্টিলেটরে রাখা হয়। ১ অক্টোবর তার মৃত্যু হয়।

তার সংস্পর্শে আসতে পারেন এমন ২০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সঙ্গে ইরকুত্স্ক অঞ্চলে বিভিন্ন জনসমাগম ও অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

তবে স্থানীয় গভর্নর ইগর কোবজেভ পরে দাবি করেন, এটি অজ্ঞাত কারণে হওয়া নিউমোনিয়ার ঘটনা হতে পারে। রোগীর নমুনায় তার পেশাগত কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত কোনো অণুজীব পাওয়া যায়নি বলেও জানান তিনি।

নিউমোনিক প্লেগ প্লেগের সবচেয়ে বিপজ্জনক ধরনগুলোর একটি। দ্রুত চিকিৎসা শুরু না করলে এটি প্রাণঘাতী হতে পারে। আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে নির্গত কণার মাধ্যমেও রোগটি অন্য মানুষের মধ্যে ছড়াতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, উপসর্গ দেখা দেওয়ার পর দ্রুত, বিশেষ করে ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করা গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।