আজ নগরবাউল জেমসের জন্মদিন গানে গানে ৬২ বছরে রকস্টার
আজ নগরবাউল জেমসের জন্মদিন
গান, গিটার আর স্বতন্ত্র কণ্ঠের জাদুতে কয়েক দশক ধরে শ্রোতাদের মাতিয়ে রাখা নগরবাউল জেমসের জন্মদিন আজ।
শুক্রবার, ২ অক্টোবর ৬২ বছরে পা দিলেন বাংলা রক সংগীতের জনপ্রিয় এই শিল্পী। ১৯৬৪ সালের এই দিনে নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। তার পারিবারিক নাম মাহফুজ আনাম।
কৈশোরের বড় একটি সময় চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে কাটে তার। সেখানেই বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘ফিলিংস’। ১৯৮৭ সালে ব্যান্ডটির সঙ্গে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। পরের বছর প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘অনন্যা’। পরে ‘ফিলিংস’-এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘নগর বাউল’।
দীর্ঘ সংগীতজীবনে জেমস উপহার দিয়েছেন ‘লেইস ফিতা লেইস’, ‘নগর বাউল’, ‘দুষ্টু ছেলের দল’, ‘পালাবে কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’ ও ‘আমি তোমাদেরই লোক’-এর মতো জনপ্রিয় অ্যালবাম।
তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘তারায় তারায়’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’ এবং ‘এক নদী যমুনা’।
বাংলাদেশি সিনেমায় প্লেব্যাক করেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন জেমস। সংগীতে অবদানের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও নিজের অবস্থান তৈরি করেন এই রক তারকা। ‘ভিগি ভিগি’, ‘চাল চালে’, ‘আলবিদা’, ‘রিশতে’ ও ‘বেবাসি’র মতো গানও ভারতীয় শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়।
তবে নিজের জন্মদিন নিয়ে জেমসের ভাবনা অন্যরকম। তার ভাষায়, জন্মদিন আসলে একটাই—যেদিন একজন মানুষ পৃথিবীতে আসে। এরপর পরিবারের সঙ্গেই সাধারণভাবে সময় কাটাতেই পছন্দ করেন তিনি।
জেমস বলেন, তিনি সমাজ বদলাতে আসেননি, মানুষকে আনন্দ দিতে এসেছেন। কয়েক দশক ধরে সেই কাজই করে চলেছেন এই নগরবাউল।
গান, গিটার আর নিজস্ব কণ্ঠের আলাদা জাদুতে প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাদের মুগ্ধ করে রাখা জেমস এবারও জন্মদিন কাটাবেন পরিবারের আপনজনদের সঙ্গে।