গোপালগঞ্জ ছাড়া আওয়ামী লীগের কোথাও অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

১৬ নভেম্বর ২০২৬ - ০৯:০৩ পূর্বাহ্ণ
 0
গোপালগঞ্জ ছাড়া আওয়ামী লীগের কোথাও অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। দলটির কর্মসূচি রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসারও কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এরপরও দলটি নিজেদের অতীত থেকে শিক্ষা নেয়নি। দেশে গত আট মাসে কোনো ব্যাংক লুটের ঘটনা ঘটেনি, বিদ্যুৎ খাতেও দুর্নীতি নেই। এসব বিষয় থেকে মানুষের দৃষ্টি সরাতেই আওয়ামী লীগ সহিংস রাজনীতির পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, সহিংস আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা কোনো রাজনৈতিক কৌশল হতে পারে না।

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে আন্দালিভ রহমান পার্থ বলেন, দলটি দেশের অর্থনীতি ও ভবিষ্যতের ব্যাপক ক্ষতি করে গেছে। বিশেষ করে ব্যাংকিং খাতের আর্থিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছে এবং অতিরিক্ত দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। এসব ক্ষতির দায় না থাকলেও বর্তমান সরকারকে এর দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশকে যতটা ক্ষতিগ্রস্ত করেনি, আওয়ামী লীগ ১৭ বছরের শাসনামলে তার চেয়েও বেশি ক্ষতি করেছে।

এদিকে বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম গণমাধ্যমে প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস ও গণহত্যার সঙ্গে জড়িত হয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।