হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের

১৬ নভেম্বর ২০২৬ - ০৯:১০ পূর্বাহ্ণ
 0
হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের

হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন ভার্চ্যুয়াল মাধ্যমে তাদের আদালতে হাজির দেখানো হয়।

এর আগে গত ১১ নভেম্বর মিরপুর মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হাফিজুল ইসলাম আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তারা আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী এবং মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের সহযোগিতায় ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই সময় ওমর ফারুক শাকিলসহ তার দলের কয়েকজন কর্মী সেখানে অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে অতর্কিত গুলিবর্ষণ করা হলে শাকিলসহ কয়েকজন গুলিবিদ্ধ হন।

অভিযোগে আরও বলা হয়, মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি ও ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের অস্ত্রধারী ক্যাডার মো. স্বাধীন অস্ত্র উঁচিয়ে গুলি চালান। এতে গুরুতর আহত হন ওমর ফারুক শাকিল। পরে তাকে উদ্ধার করে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার নাকের ওপরের অংশ ও ডান চোখের নিচে সেলাই ও ব্যান্ডেজ করা হয়।

৭ আগস্ট পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শাকিলকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় এবং সেখানে তার পুনরায় অস্ত্রোপচার করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর আহত শাকিলের বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।