ইংল্যান্ডের প্রতিনিধি দল মুগ্ধ প্রস্তুতি ম্যাচ হতে পারে আনভীরে
ইংল্যান্ডের প্রতিনিধি দলকে মুগ্ধ করল আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা
২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে মূল সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। সেই ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে রাজধানীর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধি দল।
সোমবার (১৬ নভেম্বর) প্রতিনিধি দলটি স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করে। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন এবং এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান।
পরিদর্শন শেষে বিসিবির ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন জানান, ইংল্যান্ড দলের অনুশীলন সেশন ও প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা যাচাই করতেই ইসিবির কর্মকর্তাদের স্টেডিয়ামটি ঘুরিয়ে দেখানো হয়েছে। মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সম্প্রচার, মিডিয়া, মেডিক্যাল, দর্শকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তাব্যবস্থাসহ সবকিছু বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেছেন তারা। বসুন্ধরার এসব আয়োজন দেখে প্রতিনিধি দলটি বেশ মুগ্ধ ও সন্তুষ্ট।
এদিকে প্রতিনিধি দলের ইতিবাচক প্রতিক্রিয়ায় আশাবাদী এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান। তিনি জানান, পরিদর্শনের অভিজ্ঞতা নিয়ে কর্মকর্তারা নিজ নিজ বোর্ডে প্রতিবেদন দেবেন। তাদের সঙ্গে কথা বলে সুযোগ-সুবিধা নিয়ে ইতিবাচক মনোভাব পাওয়া গেছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ে ইংল্যান্ড দল এখানে প্রস্তুতি ম্যাচ খেলবে বলে আশা করছেন তারা।
উল্লেখ্য, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। মূল সিরিজের আগে জো রুট, হ্যারি ব্রুক ও জফরা আর্চারদের মতো তারকাদের প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও বাংলাদেশ সফরে এসে এই মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিল। ইংল্যান্ডের ম্যাচটি আয়োজন করা সম্ভব হলে আন্তর্জাতিক ক্রিকেটে আধুনিক সুযোগ-সুবিধার সক্ষমতা তুলে ধরার আরও একটি সুযোগ পাবে এবিজি স্পোর্টস সিটি।