১৬ অক্টোবর আসছে ‘কাট-পিস’ ঝুট ব্যবসার গল্পে সিনেমা
১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’
গার্মেন্টের ঝুট ব্যবসাকে ঘিরে অর্থ, ক্ষমতা, আধিপত্য আর সংঘাতের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘কাট-পিস’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর।
পূজার উৎসবমুখর সময়ে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল-স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
ইফফাত জাহান মমর পরিচালনা ও প্রযোজনায় নির্মিত ‘কাট-পিস’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক পেপার ফিল্মস। সিনেমাটিতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ আরও অনেকে।
গার্মেন্টের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ ও ক্ষমতার জগতই সিনেমাটির গল্পের মূল বিষয়। এই পরিচিত ব্যবসার আড়ালে থাকা মানুষের জীবন, প্রভাব বিস্তার এবং বিভিন্ন সংঘাতকে সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে।
এর আগে ‘কাট-পিস’র পোস্টার প্রকাশ করা হলেও তখন মুক্তির তারিখ জানানো হয়নি। এবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
পরিচালক ও প্রযোজক ইফফাত জাহান মম জানান, গার্মেন্টের ঝুট ব্যবসা শহরের পরিচিত বাস্তবতা হলেও এর ভেতরের মানুষ, অর্থনৈতিক সম্পর্ক ও ক্ষমতার সংঘাত নিয়ে মূলধারার সিনেমায় তুলনামূলকভাবে কম গল্প হয়েছে। সেই জায়গা থেকেই ‘কাট-পিস’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল-স্ক্রিনেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ফলে দেশের বিভিন্ন শ্রেণির দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।