শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’ ২২ বছরের আড্ডায় ইতি
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
বলিউডের জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ এবার শেষের পথে। দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে আসন্ন নবম সিজনেই অনুষ্ঠানটি শেষ করার ঘোষণা দিয়েছেন এর সঞ্চালক ও বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় করণ নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিদায় বলা কঠিন হলেও তার মনে হয়েছে, শোটির যাত্রা শেষ করার জন্য এটাই উপযুক্ত সময়।
করণ বলেন, শেষ সিজনে তার একমাত্র লক্ষ্য থাকবে, এতদিন যারা ‘কফি উইথ করণ’-কে দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছেন, তাদের সঙ্গে শেষবারের মতো কফির আড্ডায় বসা এবং ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা।
২০০৪ সালে যাত্রা শুরু করেছিল ‘কফি উইথ করণ’। সেই সময় বাবা যশ জোহরের কাছে প্রথম এই টক শোর পরিকল্পনার কথা বলেছিলেন করণ। দুই তারকাকে মুখোমুখি বসিয়ে খোলামেলা আড্ডার সেই ধারণাই পরবর্তীতে হয়ে ওঠে বলিউডের অন্যতম আলোচিত সেলিব্রিটি শো।
দীর্ঘ এই পথচলায় আটটি সিজনে অনুষ্ঠানটির ১৬১টি পর্ব প্রচার হয়েছে। এবার নবম সিজন দিয়ে পর্দা নামতে যাচ্ছে জনপ্রিয় এই শোয়ের।
আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে স্ট্রিমিং শুরু হবে ‘কফি উইথ করণ সিজন ৯’। শেষবারের মতো তারকাদের জমজমাট আড্ডা নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন করণ জোহর।