ইতালিতে বাঁধনের ওপর হামলা! মামলা করবেন অভিনেত্রী

৮ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:১৮ পূর্বাহ্ণ
 0
ইতালিতে বাঁধনের ওপর হামলা! মামলা করবেন অভিনেত্রী

ইতালিতে আওয়ামী হামলার শিকার অভিনেত্রী বাঁধন, মামলা করবেন

চব্বিশের গণআন্দোলনের জুলাইযোদ্ধা অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে ইতালির ভেনিসে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ৮ সেপ্টেম্বর মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একাধিক ভিডিও বার্তায় এ তথ্য জানান বাঁধন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বাঁধনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন। তাদের মধ্যে একজন নিজেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে ‘আমরা ভেনিস ছাত্রলীগ’ বলে দাবি করেন। এ সময় বাঁধনকে অকথ্য ভাষায় গালাগাল এবং ‘জুলাই জঙ্গি’ ও ‘দেশদ্রোহী’ বলে হেনস্তা করার অভিযোগ ওঠে।

ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার সময় বাঁধনের ভাইয়ের শিশুসন্তান আতঙ্কে কাঁদছিল। শিশুটি ভয় পাচ্ছে বলে পাশে থাকা একজন সতর্ক করলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বাঁধনের ভাবীকে ধাক্কা দেওয়ার এবং তার মোবাইল ফোন ছুড়ে ফেলার অভিযোগও করেন অভিনেত্রী।

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে চাপ দেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা ও হেনস্তা করেন বলে জানান তিনি।

ঘটনার পর নিরাপত্তার জন্য বর্তমানে তার সঙ্গে পুলিশ রয়েছে বলে জানান বাঁধন। একই সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করছেন তিনি। ৮ সেপ্টেম্বর হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগে মামলা করবেন বলেও জানান অভিনেত্রী। এ ঘটনায় ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতাও চেয়েছেন তিনি।

ভিডিও বার্তায় বাঁধন বলেন, ভেনিস উৎসবে তিনি যে সিনেমাটি নিয়ে এসেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। এরপরও জুলাই আন্দোলনের পর তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন বলে উল্লেখ করেন বাঁধন।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের আচরণ থেকে তাদের বের হয়ে আসা উচিত। একই সঙ্গে নিজের ওপর হামলার প্রসঙ্গে বাঁধন বলেন, তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকে ধাক্কা দেওয়া হয়েছে। তবে এভাবে তাকে দমানো সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বাঁধনের ভাষ্য, ভেনিসে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে এভাবে হেনস্তা করার মাধ্যমে বিষয়টি সারা বিশ্বের মানুষের সামনে চলে এসেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে অবস্থান করছেন। হামলার বিষয়টি তার কাছে পৌঁছে দেওয়ার কথাও বলেন বাঁধন।

সূত্র: বাঁধনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও বার্তা।