ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ আটক ৪৪০ জন

৩০ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:০৪ পূর্বাহ্ণ
 0
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ আটক ৪৪০ জন

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৪৪০

ফ্রান্সে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ আরও ছড়িয়ে পড়েছে। অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে জায়গার সংকট ও শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের নানা সমস্যার প্রতিবাদে মঙ্গলবার দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিন বিক্ষোভের ঘটনায় ৪৪০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। আটক ব্যক্তিদের বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছেন তিনি।

রাজধানী প্যারিস থেকে শুরু হওয়া এই আন্দোলন কয়েক দিনের মধ্যে ইল-দ্য-ফ্রঁসসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাভাবিক পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষকসংকট এবং শিক্ষকদের অতিরিক্ত কাজের চাপও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

মঙ্গলবারের বিক্ষোভে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪৮ সদস্যও। ফরাসি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভের কারণে প্রায় ৪০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।

বিক্ষোভের বিভিন্ন ছবি ও ভিডিওতে কয়েকটি স্থানে ময়লার পাত্রে আগুন এবং বাসস্টপ ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। কিছু এলাকায় পুলিশের দিকে বস্তু ছোড়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, মঙ্গলবার ৪৪০ জনকে আটক করা হয়েছে। এর আগে সোমবারের বিক্ষোভে আটক করা হয়েছিল ১৬৪ জনকে।

তবে পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ তুলেছে শিক্ষার্থীদের সংগঠনগুলো। তাদের দাবি, বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি ব্যবহার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজের দাবি, পুলিশ পরিস্থিতি অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবে মোকাবিলা করেছে।

ফরাসি শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার শিক্ষার্থীদের রয়েছে। তবে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইভাবে প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু সতর্ক করে বলেছেন, স্কুলের আশপাশে আগুন, আতশবাজি কিংবা সহিংসতার মতো ঘটনা শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সদস্যদের ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের পাশাপাশি মঙ্গলবার দেশজুড়ে বিভিন্ন ইউনিয়নের ডাকা ধর্মঘটও পালিত হয়েছে। শিক্ষক, হাসপাতালকর্মী ও সরকারি কর্মচারীরা কম বেতন ও কর্মপরিবেশসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচিতে অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজের হিসাব অনুযায়ী, দেশজুড়ে এসব ধর্মঘটে প্রায় দুই লাখ মানুষ অংশ নিয়েছেন। তবে অধিকাংশ এলাকায় বিক্ষোভ ও ধর্মঘট বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে।