প্রথমবার ফেনী সফরে তারেক রহমান প্রত্যাশায় ফেনীবাসী

৩০ সেপ্টেম্বর ২০২৬ - ০৫:৫৮ পূর্বাহ্ণ
 0
প্রথমবার ফেনী সফরে তারেক রহমান প্রত্যাশায় ফেনীবাসী

বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মায়ের পৈত্রিক জেলা ফেনীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহর থেকে গ্রাম—সবখানেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উচ্ছ্বাস, আর স্থানীয়দের প্রত্যাশার তালিকাও বেশ দীর্ঘ।

ফেনী-১ আসন ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া নিয়ে গঠিত। এই আসন থেকেই একাধিকবার নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম এই সফরকে ঘিরে রাজনৈতিক আবেগের পাশাপাশি উন্নয়ন প্রত্যাশাও বাড়ছে স্থানীয়দের।

বিশেষ করে ফেনীর উত্তরের তিন উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার মানুষের দীর্ঘদিনের বড় সমস্যা বন্যা ও জলাবদ্ধতা। অন্যদিকে দক্ষিণের বিভিন্ন এলাকায় রয়েছে নদীভাঙনের সংকট। তাই বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা।

সফরে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতেও রয়েছে স্থানীয়দের নানা প্রত্যাশা। ফেনীতে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও দীর্ঘদিনের।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে যে বাঁধের কাজ, সেটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এদিকে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ এবং সরকারি দপ্তরে স্থাপিত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমেরও উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম, ইমাম-পুরোহিতদের সম্মানী এবং দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা কার্যক্রমেও অংশ নেবেন তিনি।

মায়ের পৈত্রিক জেলা ফেনীতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাজনৈতিক আবেগ, স্থানীয় মানুষের প্রত্যাশা আর উন্নয়ন পরিকল্পনা—সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ফেনীবাসীর আগ্রহ এখন তুঙ্গে।