রাজধানীতে দিনে ভাঙছে ৪৪ সংসার!

২৪ অক্টোবর ২০২৬ - ১০:৩৮ পূর্বাহ্ণ
 0
রাজধানীতে দিনে  ভাঙছে ৪৪ সংসার!

রাজধানীতে দিনে ভাঙছে ৪৪টি সংসার, তালাকে এগিয়ে নারীরা

রাজধানী ঢাকায় বাড়ছে বিবাহবিচ্ছেদের ঘটনা। দুই সিটি করপোরেশনের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ৪৪টি সংসার ভাঙছে। অর্থাৎ ঘণ্টায় প্রায় দুটি করে বিচ্ছেদ কার্যকর হচ্ছে। আর এসব বিচ্ছেদের আবেদনে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

বিচ্ছেদের পেছনে উঠে আসছে নানা কারণ। শারীরিক ও মানসিক নির্যাতন, পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ, মাদকাসক্তি, আর্থিক সংকট, বিবাহবহির্ভূত সম্পর্ক এবং একে অন্যকে পর্যাপ্ত সময় না দেওয়ার মতো বিষয় দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি করছে। অনেক ক্ষেত্রে ছোটখাটো মতবিরোধও ধীরে ধীরে বড় সংকটে রূপ নিচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে সাত হাজার ৫১৪টি তালাক কার্যকর হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রথম ছয় মাসে কার্যকর হয়েছে দুই হাজার ৮৫১টি তালাক। দুই সিটির তথ্যেই বিবাহবিচ্ছেদের উল্লেখযোগ্য চিত্র উঠে এসেছে।

পরিসংখ্যানে দেখা যায়, বিচ্ছেদের ক্ষেত্রে নারীদের আবেদন পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষজ্ঞদের মতে, নারীদের শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা এবং অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কারণে তাঁরা এখন নির্যাতন ও অসম্মানজনক সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারছেন। তবে বিবাহবিচ্ছেদের পেছনে নারী-পুরুষ উভয়ের নানা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক কারণও রয়েছে।

এই বিচ্ছেদের সবচেয়ে বড় প্রভাব পড়ে সন্তানদের ওপর। মা-বাবার সম্পর্ক ভেঙে যাওয়ায় অনেক শিশুকে মানসিক চাপ, অনিশ্চয়তা ও পারিবারিক জটিলতার মুখোমুখি হতে হয়। সমাজ বিশ্লেষকদের মতে, দাম্পত্য সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, খোলামেলা আলোচনা এবং প্রয়োজন অনুযায়ী কাউন্সেলিংয়ের সুযোগ বাড়ানো জরুরি।