আচারের বয়ামে হীরা-সোনা! জব্দ ২.৭ কোটি টাকার সম্পদ

১১ অক্টোবর ২০২৬ - ১৩:৪১ অপরাহ্ণ
 0
আচারের বয়ামে হীরা-সোনা! জব্দ ২.৭ কোটি টাকার সম্পদ

আচারের বয়ামে হীরা-স্বর্ণালঙ্কার পাচার! বিমানবন্দরে জব্দ ২ কোটি ৭০ লাখ টাকার সম্পদ
আচারের বয়ামে লুকিয়ে আনা হয়েছিল হীরা, স্বর্ণালঙ্কার, প্লাটিনাম, রুবিসহ বিভিন্ন মূল্যবান পাথর। তবে শেষ রক্ষা হয়নি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ স্ক্যানিং করে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের এসব অলঙ্কার ও পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।
রোববার (১১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানান। কাস্টমসের তথ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলকাতা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিলেন কাস্টমস কর্মকর্তারা।
এ সময় এমডি জনি রহমান নামের এক যাত্রী ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। তাঁর ব্যাগ স্ক্যানিং করার সময় আচারের বয়ামের ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরে ব্যাগ তল্লাশি করে বেরিয়ে আসে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে হীরা বসানো ৩৮৯টি স্বর্ণের আংটি, ১৫১টি প্লাটিনামের আংটি, সাদা সোনার অলঙ্কার, রুপার আংটি, স্বর্ণের লকেট, চেইন ও ৪৭২টি স্বর্ণের নাকফুল। এ ছাড়া পাওয়া গেছে ৪৫ ক্যারেটের বিভিন্ন আকারের হীরা এবং পোখরাজ, রুবিসহ ৭২০টি মূল্যবান পাথর। অলঙ্কারগুলোর সঙ্গে জুয়েলারি সার্টিফিকেট কার্ডও জব্দ করা হয়েছে।
কাস্টমসের তথ্যমতে, জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। অলঙ্কারের প্রত্যয়ন অনুযায়ী, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা।
ব্যাগেজ ঘোষণা না দিয়ে এসব পণ্য আনার অভিযোগে ওই যাত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।