স্কুলের বাইরে এলোপাতাড়ি গুলি আহত ১১, আটক কিশোর
তুরস্কে স্কুলের বাইরে এলোপাতাড়ি গুলি, আহত ১১
তুরস্কের একটি উচ্চ বিদ্যালয়ের বাইরে এলোপাতাড়ি গুলির ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশের একটি স্কুলের বাইরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এক বন্দুকধারী গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সন্দেহভাজন ওই কিশোরকে আটক করা হয়।
তুরস্কের আইনমন্ত্রী জানিয়েছেন, সন্দেহভাজনের মা, বাবা ও দাদাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ওই কিশোরকে শটগান হাতে নিয়ে রাস্তায় হাঁটতে এবং পরে অস্ত্রসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা গেছে। সে ওই স্কুলেরই শিক্ষার্থী বলে জানা গেছে।
এ ঘটনায় হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত চলছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার তদন্তে তিনজন জাতীয় তদন্তকারীকে মানিসা প্রদেশে পাঠানো হয়েছে।
এর আগে চলতি বছর তুরস্কে আরও দুটি স্কুলে গুলির ঘটনা ঘটেছিল। এসব ঘটনার পর স্কুলের নিরাপত্তা জোরদার ও অস্ত্র নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নেওয়া হয়।