পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার দায়িত্বশীল ভূমিকার আহ্বান
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্ব নিতে হবে: নুরজাহান খানম
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ নুরজাহান খানম। তিনি বলেছেন, পরিচ্ছন্নতা কোনো নির্দিষ্ট দপ্তর বা সংস্থার একক দায়িত্ব নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব।
সোমবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
পরিদর্শনের অংশ হিসেবে প্রথমে সচিবালয়ের বর্জ্য নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা ঘুরে দেখেন নুরজাহান খানম। পরে মন্ত্রিপরিষদ ভবনের পার্কিং স্টেশন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো জনবহুল এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় আরও সতর্ক ও যত্নশীল হতে হবে।
তিনি আরও বলেন, কোথাও যেন ময়লা-আবর্জনা জমে না থাকে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত না হয়, সেদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নজর দিতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ, নির্ধারিত স্থানে ময়লা রাখা এবং নিয়মিত ড্রেন পরিষ্কারের মাধ্যমে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
নুরজাহান খানম বলেন, পরিচ্ছন্নতা শুধু বিশেষ কোনো দিনের কর্মসূচি নয়, বরং এটি প্রতিদিনের কাজের অংশ হিসেবে নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।