পরীমনির আচরণে ক্ষুব্ধ রিনা খান বললেন, শিল্পী সমাজের জন্য কলঙ্ক!

৮ নভেম্বর ২০২৬ - ১০:১১ পূর্বাহ্ণ
 0
পরীমনির আচরণে ক্ষুব্ধ রিনা খান বললেন, শিল্পী সমাজের জন্য কলঙ্ক!

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে এবার কঠোর সমালোচনা করেছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তাঁর মতে, একজন শিল্পীর এমন আচরণ শুধু ব্যক্তিগত ভাবমূর্তিই নষ্ট করে না, বরং পুরো শিল্পী সমাজকেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। প্রকাশ্যে একজন সাংবাদিককে গালাগালি ও হুমকি দেওয়ার ঘটনাকে কোনোভাবেই সমর্থনযোগ্য মনে করেন না তিনি।

সম্প্রতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান চিত্রনায়িকা পরীমনি। এ সময় এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে তাকে গালমন্দ ও হুমকি দেন এই অভিনেত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এবার এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে রিনা খান বলেন, রাগের মাথায় অনেকেই খারাপ কথা বলে ফেলেন। কিন্তু একজন শিল্পীর এমন আচরণ করা উচিত নয়। কারণ, গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা মানুষের কাছে পরিচিতি পান এবং নিজেদের কাজের মাধ্যমে সুনাম অর্জন করেন। তাই এমন কোনো কথা বা আচরণ করা ঠিক নয়, যার দায় শেষ পর্যন্ত পুরো শিল্পী সমাজকে নিতে হয়।

পরীমনির আচরণের সমালোচনা করে রিনা খান আরও বলেন, হাজারো মানুষের সামনে একজন শিল্পীর এভাবে খারাপ ভাষায় কথা বলা উচিত নয়। এটি শুধু একজন ব্যক্তির বিষয় নয়, বরং পুরো শিল্পী সমাজের জন্যই কলঙ্কজনক।

তিনি জানান, ঘটনাটি তিনি সংবাদমাধ্যমে দেখেছেন। কারও প্রতি কোনো ক্ষোভ কিংবা অভিযোগ থাকলে তাকে আলাদাভাবে ডেকে বিষয়টি জানানো যেতে পারে। কিন্তু সবার সামনে এভাবে গালাগালি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রিনা খান স্পষ্ট করে বলেন, তাঁর এই বক্তব্য শুধু পরীমনিকে উদ্দেশ্য করে নয়, বরং সব শিল্পীর ক্ষেত্রেই প্রযোজ্য। একজন শিল্পীর জনপ্রিয়তার পাশাপাশি তাঁর কথাবার্তা ও আচরণের প্রতিও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।