ফ্লোটিলা সদস্যদের আটকে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর নিন্দা
গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর দ্বারা আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দেশটি এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছে এবং বলেছে, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের এমন ন্যক্কারজনক ঘটনা মানবাধিকারের জন্য গুরুতর হুমকি।
শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই অবস্থান জানায় বাংলাদেশ। বিবৃতিতে আটক সব মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বাংলাদেশ সরকার ইসরায়েলকে আহ্বান জানিয়েছে, গাজা ও পশ্চিম তীর থেকে অবৈধ দখলদারিত্ব দ্রুত বন্ধ করতে, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে এবং গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধের অবসান ঘটাতে।
বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনি জনগণের প্রতি বৈশ্বিক সংহতির প্রতীক এই মানবিক ফ্লোটিলা। গাজায় সহায়তা পৌঁছাতে ইসরায়েলকে অবশ্যই অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। কারণ দখলদার বাহিনীর অব্যাহত নিপীড়নের কারণে সাধারণ মানুষ এখনো জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের পাশে আগের মতোই দৃঢ়ভাবে রয়েছে এবং এই ভয়াবহ সময়েও তাদের প্রতি অবিচল সংহতি জানাচ্ছে।