দেশে খাদ্য মজুদ ২২ লাখ টন খাদ্যের অভাব হবে না কারও!

৮ নভেম্বর ২০২৬ - ০৯:৫৮ পূর্বাহ্ণ
 0
দেশে খাদ্য মজুদ ২২ লাখ টন খাদ্যের অভাব হবে না কারও!

দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন, অভাব হবে না কারও: খাদ্যমন্ত্রী

দেশে বর্তমানে খাদ্য মজুদের পরিমাণ ২২ লাখ মেট্রিক টনে পৌঁছেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। খাদ্যের অভাবে কাউকে মারা যেতে হবে না। পাশাপাশি কৃষকদের অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী।

মন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে সরকার আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ অর্থবছরে কৃষকদের কাছ থেকে তিন লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। তবে কৃষকরা ধান বিক্রি করতে আগ্রহী হলে নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরেও ধান সংগ্রহের বিষয়টি বিবেচনা করবে সরকার।

এ ছাড়া পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা দরে কিনবে সরকার। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে, যার প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা।

খাদ্যমন্ত্রী আরও জানান, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। এই কার্যক্রমও চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হয়েছে। একই সঙ্গে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পান, সে বিষয়েও গুরুত্ব দিচ্ছে সরকার। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যাওয়ার পাশাপাশি দেশের খাদ্য সরবরাহ ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার কাজ করছে।