ভারতীয় ভিসায় নতুন নিয়ম সব আবেদনকারীর জন্য অঙ্গীকারনামা বাধ্যতামূলক
ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভিসার আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই নির্দেশনা অনুসরণ না করলে ভিসার আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে হাইকমিশন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতীয় হাইকমিশনের ভিসা সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের প্রথমে হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফর্মটি যথাযথভাবে পূরণ করে স্ক্যান করতে হবে। পরে NIC Visa Application Portal-এ অনলাইন ভিসা আবেদনের সঙ্গে পূরণ করা ফর্মটি আপলোড করতে হবে।
হাইকমিশন জানিয়েছে, এ ক্ষেত্রে শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্মই গ্রহণযোগ্য হবে। অন্য কোনো ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিলে তা গ্রহণ করা হবে না। ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশিত এক পাতার অঙ্গীকারনামায় আবেদনকারীকে নিজের নাম উল্লেখ করে ঘোষণা দিতে হবে, তিনি যে উদ্দেশ্যে ভিসার আবেদন করছেন, ভারত সফর করবেন শুধু সেই উদ্দেশ্যেই। পাশাপাশি আবেদনের তারিখে তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের মধ্যে বসবাস করছেন এবং আবেদনে দেওয়া সব তথ্য সঠিক—এমন অঙ্গীকারও করতে হবে।
ফর্মের প্রথম অংশে ব্যক্তিগত তথ্য হিসেবে পাসপোর্ট অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকার বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। দ্বিতীয় অংশে ভারত সফরের উদ্দেশ্য স্পষ্টভাবে লিখতে হবে। যেমন—পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা কোনো সম্মেলনে অংশগ্রহণ।
এছাড়া ফর্মের পরবর্তী অংশে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার করতে হবে আবেদনকারীকে। এর মধ্যে রয়েছে, সফর শেষে নিজ দেশে ফিরে আসা এবং কোনোভাবেই ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান না করা। একইসঙ্গে ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতিও দিতে হবে।
অঙ্গীকারনামায় আরও উল্লেখ রয়েছে, ভারতে অবস্থানকালে কোনো আইন লঙ্ঘন করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।
সবশেষে আবেদনকারীকে ফর্মে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাবা-মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন এই নির্দেশনার ফলে ভারতীয় ভিসা প্রত্যাশীদের আবেদন করার আগে নির্ধারিত ফর্মটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ ও আপলোড করার বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।