শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে আলিমে জিপিএ-৫ পেলেন সাকিরুল
শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে আলিমে জিপিএ-৫ পেলেন সাকিরুল
জন্ম থেকেই বাঁকা মেরুদণ্ড। শারীরিক প্রতিবন্ধকতার কারণে ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতা আর মানুষের কটুকথা শুনতে হয়েছে তাকে। অনেকেই নিরুৎসাহিত করেছেন, বলেছেন লেখাপড়া করে কী হবে! কিন্তু কোনো বাধাই থামাতে পারেনি তার স্বপ্ন ও এগিয়ে চলার পথ। সব প্রতিকূলতা জয় করে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন পটুয়াখালীর বাউফলের ১৮ বছর বয়সী শিক্ষার্থী মো. সাকিরুল ইসলাম।
বাউফল উপজেলার হোসনাবাদ গ্রামের বাসিন্দা সাকিরুল বাউফল সালেহিয়া ফাজিল মাদরাসা থেকে চলতি বছরের আলিম পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেন। এর আগে দাখিল পরীক্ষাতেও ৪ দশমিক ১৩ জিপিএ পেয়ে নিজের মেধার পরিচয় দিয়েছিলেন তিনি।
সাকিরুল জানান, জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে উঠেছেন তিনি। পড়াশোনার পথে শারীরিক সমস্যার পাশাপাশি সবচেয়ে বড় বাধা ছিল মানুষের নেতিবাচক মন্তব্য। অনেকেই তাকে লেখাপড়া না করার পরামর্শ দিতেন। তবে এসব কথায় দমে না গিয়ে ভালো ফলাফলের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণের সিদ্ধান্ত নেন তিনি। প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা পড়াশোনা করেছেন সাকিরুল। তার এ সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান বাবা-মায়ের বলে জানান তিনি।
জিপিএ-৫ পাওয়ার খবর প্রথম মামার কাছ থেকে শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন সাকিরুল। ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন তিনি। পাশাপাশি একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।
সাকিরুলের বাবা মো. মোশাররফ হোসেন জানান, ছেলের শারীরিক সমস্যার সমাধানে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তারা। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার এই সমস্যার চিকিৎসা নেই। এরপরও ছেলের পড়াশোনায় যেন কোনো ঘাটতি না থাকে, সেদিকে সব সময় নজর রেখেছেন তিনি। সন্তানের এমন সাফল্যে আনন্দিত বাবা সরকারের কাছে তার উচ্চশিক্ষার জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
এদিকে সাকিরুলের সাফল্যে আনন্দিত তার শিক্ষক, সহপাঠী ও প্রতিবেশীরাও। বাউফল সালেহিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ খ ম রুহুল আমিন জানান, সাকিরুল অত্যন্ত মেধাবী ও বিনয়ী শিক্ষার্থী। ক্লাসে সব সময় তার রোল নম্বর এক থাকত। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এমন ফলাফল অর্জন করায় মাদরাসার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ সাকিরুলের এ অর্জনকে প্রশংসনীয় উল্লেখ করে তার উচ্চশিক্ষার অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন, সাকিরুলের এ সাফল্য শুধু তার পরিবার কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, পুরো বাউফলবাসীর জন্য গর্বের। তার কৃতিত্বকে সম্মান জানাতে শিগগিরই সাকিরুলসহ উপজেলার সব জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে।