সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, শোক জানালেন প্রধানমন্ত্রী
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয় বাংলাদেশি। প্রবাসে এমন মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকসন্তপ্ত স্বজনদের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার।
রোববার (৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, গত ৭ নভেম্বর সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যু এবং আরও ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শোকবার্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
শোকবার্তায় তারেক রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে নিহতদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।
প্রবাসে কর্মরত বাংলাদেশিদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন প্রয়োজনীয় সহায়তা পায়, সে বিষয়েও সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।