মহাসড়ক-সেতুর নতুন পরিকল্পনা দায়িত্ব পাচ্ছে চীন

১৯ সেপ্টেম্বর ২০২৬ - ১০:৪৮ পূর্বাহ্ণ
 0
মহাসড়ক-সেতুর নতুন পরিকল্পনা দায়িত্ব পাচ্ছে চীন

মহাসড়ক ও সেতুর নতুন পরিকল্পনায় চীন

দেশের মহাসড়ক নেটওয়ার্কের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির দায়িত্ব পাচ্ছে চীনের একটি প্রতিষ্ঠান। এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক, গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং বড় নদীর ওপর সেতু নির্মাণকে গুরুত্ব দিয়ে তৈরি হবে বাংলাদেশের নতুন ট্রাংক হাইওয়ে নেটওয়ার্ক পরিকল্পনা।

প্রস্তাবিত এই কারিগরি সহায়তা প্রকল্পে ব্যয় হবে ১২ কোটি ৩৫ লাখ টাকা। পুরো অর্থই অনুদান হিসেবে দেবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। পরিকল্পনা তৈরিতে চীনের ২০ জন পরামর্শক প্রায় ৯ মাস কাজ করবেন।

পরিকল্পনায় দেশের অর্থনৈতিক কেন্দ্র, বড় শহর, শিল্পাঞ্চল ও বন্দরগুলোকে যুক্ত করে সমন্বিত ট্রাংক মহাসড়ক নেটওয়ার্ক তৈরি করা হবে। পাশাপাশি জাতীয় যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ বড় নদীগুলো চিহ্নিত করে সেতু নির্মাণের অগ্রাধিকারও নির্ধারণ করা হবে।

কোন সড়ক বা সেতু আগে নির্মাণ করা প্রয়োজন, কোনটি পরে এবং সম্ভাব্য ব্যয় কত হতে পারে—এসব বিষয়ও থাকবে পরিকল্পনায়। আন্তর্জাতিক বাণিজ্য, আন্তঃসীমান্ত যোগাযোগ, বহুমুখী পরিবহনব্যবস্থা এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হবে।

চীনের মনোনীত পরামর্শক প্রতিষ্ঠান হেনান কমিউনিকেশনস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট কোম্পানি লিমিটেড এই কাজ করবে। তবে একই সময়ে দেশের বিদ্যমান সড়ক মহাপরিকল্পনাও এগিয়ে চলায় নতুন উদ্যোগটি নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে ২০২৫ সালের ২৬ জুন স্বাক্ষরিত বাস্তবায়ন চুক্তির ভিত্তিতেই এই কারিগরি সহায়তা প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে এবং সড়ক ও মহাসড়ক বিভাগ পুরো প্রক্রিয়াটি তদারকি করবে।