আশুগঞ্জে পুলিশ ফাঁড়িতে ঘটনা নিজের পিস্তলে এসআইয়ের মৃত্যু

৪ নভেম্বর ২০২৬ - ০৯:৪৫ পূর্বাহ্ণ
 0
আশুগঞ্জে পুলিশ ফাঁড়িতে ঘটনা নিজের পিস্তলে এসআইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে সার্ভিস পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার নামে ৫২ বছর বয়সী এক পুলিশ উপপরিদর্শক (এসআই)।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে ফাঁড়ির নিজ কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এলেও আত্মহত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম জানান, নিহত পুলিশ সদস্য নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে কথা বলে পারিবারিক কলহের বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।