রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা দুই শতাধিক চেকপোস্ট, গ্রেপ্তার ৫১৫

১৯ সেপ্টেম্বর ২০২৬ - ১১:২৭ পূর্বাহ্ণ
 0
রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা দুই শতাধিক চেকপোস্ট, গ্রেপ্তার ৫১৫

রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট, গ্রেপ্তার ৫১৫

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাত থেকে ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে বসানো হয়েছে দুই শতাধিক চেকপোস্ট। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চলছে ব্যাপক তল্লাশি।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ঢাকায় প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ পথে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতেও বসানো হয়েছে চেকপোস্ট। ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা ও সাধারণ ডায়েরি করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছে পুলিশ। পুলিশের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহলও।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫১৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এসব ঘটনায় করা হয়েছে ৪৭টি মামলা।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, চাপাতি ও চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ককটেলের অংশবিশেষ, লোহার পেরেক, বিপুল পরিমাণ গাঁজা, ১১ হাজারের বেশি ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি বিদেশি মদ, বিয়ার, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।