মার্শাল আর্টের সভাপতি ইশরাক ৩ মাসের মধ্যে নির্বাচন

৪ নভেম্বর ২০২৬ - ০৯:৫৪ পূর্বাহ্ণ
 0
মার্শাল আর্টের সভাপতি ইশরাক ৩ মাসের মধ্যে নির্বাচন

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজ হাসান। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক আদেশে নতুন কমিটি ঘোষণা করা হয়। আদেশ অনুযায়ী, স্বাক্ষরের তারিখ থেকেই নতুন কমিটি কার্যকর হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন ও নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে যথাযথ দায়িত্ব পালন না করায় আগের অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এরপর নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির চারজন সহসভাপতি হলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল হালিম এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম।

কমিটির যুগ্ম সম্পাদক হয়েছেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মো. হাবিবুল্লাহ পারভেজ। এ ছাড়া কমিটিতে বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সদস্য হিসেবে রয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে নতুন অ্যাডহক কমিটিকে। এরপর নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।