আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব বিএফআইইউকে দুদকের চিঠি
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব-লেনদেনের তথ্য চেয়েছে দুদক
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের অনুসন্ধানে তাঁর ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন—দুদক।
বৃহস্পতিবার দুদকের ঊর্ধ্বতন সূত্র জানায়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট—বিএফআইইউর কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আসিফ মাহমুদের ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, লকার, এফডিআর, দেশে-বিদেশে বিনিয়োগ ও বিভিন্ন লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।
এ ছাড়া বিদেশে কোনো শেল কোম্পানি রয়েছে কি না এবং তাঁর স্ত্রী পান্নার নামে থাকা আর্থিক হিসাব ও লেনদেনের নথিও চেয়েছে দুদক।
দুদক বলছে, বিদেশে অর্থ পাচার, কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন ও বদলি বাণিজ্যের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগও আলাদাভাবে অনুসন্ধান করা হচ্ছে।