চার প্রত্যক্ষদর্শীকে হত্যা! ট্রাইব্যুনালে জিয়াউলের বিরুদ্ধে ভয়াবহ সাক্ষ্য
চার প্রত্যক্ষদর্শীকে হত্যার ভয়াবহ বর্ণনা, ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য
বিডিআর হত্যাকাণ্ডের চার প্রত্যক্ষদর্শীকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার ভয়াবহ বর্ণনা উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাবেক সেনা কর্মকর্তা মেজর সাব্বিরের জবানবন্দিতে উঠে এসেছে এসব তথ্য।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার মামলায় একাদশ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মেজর সাব্বির।
তার সাক্ষ্য অনুযায়ী, ২০১০ সালের মে মাসে বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তৎকালীন প্রধান জিয়াউল আহসানের উপস্থিতি ও নির্দেশে হত্যা করা হয় বলে তিনি দাবি করেন।
মেজর সাব্বির জানান, চারজনকে একটি ফিশিং ট্রলারে করে বলেশ্বর নদীতে নেওয়া হয়। সেখানে চোখ ও শরীর ঢেকে তাদের গুলি করে হত্যার পর লাশের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয় বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি।
একই কায়দায় ২০১০ সালে আরও একজনকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলেও জানান এই সাবেক সেনা কর্মকর্তা।
তবে এগুলো মেজর সাব্বিরের আদালতে দেওয়া সাক্ষ্যের দাবি; মামলার বিচারিক প্রক্রিয়ায় এসব অভিযোগের চূড়ান্ত সত্যতা নির্ধারিত হবে।