বাবাকে হারিয়ে শোকে সালমা ‘আমার আব্বা আর নেই’
সংগীতশিল্পী সালমার বাবা আর নেই
‘আমার আব্বা আর নেই’—মাত্র চারটি শব্দেই বাবাকে হারানোর গভীর শোকের কথা জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বাবা ফজলুল হকের মৃত্যুর খবর জানান তিনি।
সালমার বাবার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, এবং কখন ও কোথায় জানাজা ও দাফন হবে—এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
বাবাকে হারানোর এই শোকের মধ্যেই সম্প্রতি নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন সালমা। কিছুদিন আগে ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামে একটি দ্বৈত গান প্রকাশ করেন তিনি। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত গানটির ভিডিও দর্শকদের কাছেও সাড়া ফেলেছিল।
এদিকে দীর্ঘ বিরতির পর গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি লালনগীতির রেকর্ডিংও শেষ করেছেন সালমা। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।
এ ছাড়া রোহান রাজের আলোচিত ‘মানুষ বড়ই স্বার্থপর’ গানটির নতুন আয়োজনেও কণ্ঠ দিয়েছেন তিনি। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গাওয়া গানটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। গানটি আজ (১৭ সেপ্টেম্বর) প্রকাশের কথা ছিল।
তবে নতুন গান প্রকাশের ব্যস্ততার মাঝেই বাবাকে হারানোর বেদনায় ভেঙে পড়েছেন সালমা। প্রিয় বাবার মৃত্যুতে এখন শোকাহত জনপ্রিয় এই সংগীতশিল্পী।