মিসাইলের সতর্কবার্তায় আতঙ্ক সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু
জেদ্দায় মিসাইল সতর্কবার্তায় আতঙ্ক, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
মিসাইল হামলার সতর্কবার্তা পেয়েই আতঙ্কে দ্রুত ছাদ থেকে নিচে নামার চেষ্টা করেছিলেন সৌরভ ইসলাম। কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান ২৫ বছর বয়সী এই বাংলাদেশি প্রবাসী।
মঙ্গলবার ভোরে সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে সৌরভের সহকর্মীরা তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানান।
নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলাম ও রেনু বেগম দম্পতির একমাত্র সন্তান। তিনি জেদ্দার ‘আলসাইম’ নামের একটি প্রতিষ্ঠানের অধীনে একটি ব্যাংকে অফিস সহকারী হিসেবে কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে আবাসন ভবনের ছাদে ছিলেন সৌরভ। এ সময় মোবাইলে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র নিয়ে সতর্কবার্তা দেখতে পান তিনি। আতঙ্কিত হয়ে দ্রুত ছাদ থেকে নিচে নামার চেষ্টা করেন।
সিঁড়ি দিয়ে দ্রুত নামার সময় তার বা কোনো তারের সঙ্গে পা জড়িয়ে পড়ে যান সৌরভ। এতে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরে সকালে সহকর্মীরা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সৌদি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সৌরভের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন তার মা রেনু বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি ছেলেকে শেষবারের মতো দেখতে এবং নিজের হাতে দাফন করতে চান বলে জানিয়েছেন।
এদিকে নিহতের বাবা আমির ইসলাম সরকারের কাছে ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, বিষয়টি তিনি জেনেছেন। নিহতের স্বজনরা যোগাযোগ করলে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা করা হবে।
থাম্বনেইল টাইটেল: