নতুন ঋণের অর্থ কোথায় যাচ্ছে? লুটপাটের শঙ্কা জানালেন ওয়াহিদউদ্দিন
নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহারের নিশ্চয়তা কোথায়: ওয়াহিদউদ্দিন মাহমুদ
ব্যাংক থেকে নতুন করে ঋণ দেওয়া হলেও সেই অর্থ প্রকৃত ব্যবসায়ীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। অতীতে ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ লুটপাটের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি জানতে চেয়েছেন, নতুন করে দেওয়া ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কে দেবে?
১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলন ২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে এসব প্রশ্ন তোলেন তিনি। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ব্যাংক থেকে নতুন ঋণ দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সেই অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করার ব্যবস্থা কোথায়? আগে যেভাবে ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ তছরুপ করা হয়েছিল, এখন যে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে না, সেই নিশ্চয়তা কে দেবে?
তিনি বলেন, একসময় বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলো আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে খেলাপি ঋণের কারণে ব্যাংক খাতে সংকট তৈরি হয়। এর ফলে পুরো আর্থিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে।
বর্তমানে ব্যাংক খাতে বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, এসব সুবিধার মাধ্যমে যদি প্রকৃত ব্যবসায়ীদের পরিবর্তে আবারও অর্থ লুটপাটের সুযোগ তৈরি হয়, তাহলে অতীতের সংকট ফিরে আসতে পারে।
বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিস্থিতি তুলে ধরে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বেসরকারি ব্যাংকগুলো খারাপ অবস্থা থেকে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এখনো পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত হতে পারেনি।
তার ভাষ্য, প্রত্যেক সরকারই বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার নামে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অপব্যবহারের সুযোগ তৈরি করেছে। ফলে এসব ব্যাংকের কাঠামোগত সমস্যার সমাধান কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, ব্যাংক খাতের এই সংকট শুধু বাংলাদেশ ব্যাংকের পক্ষে একা সমাধান করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন কার্যকর উদ্যোগ, জবাবদিহি এবং ঋণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা।