গুলশানে মিছিলের পর ৫ দিনেই ওসি প্রত্যাহার

১৬ সেপ্টেম্বর ২০২৬ - ১৩:০৩ অপরাহ্ণ
 0
গুলশানে মিছিলের পর ৫ দিনেই ওসি প্রত্যাহার

গুলশানে আওয়ামী লীগের মিছিলের ৫ দিন পর ওসি প্রত্যাহার

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পাঁচ দিন পর গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার ডিএমপির এক অফিস আদেশে তাকে প্রশাসনিক কারণে সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

গত ১১ সেপ্টেম্বর গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে এবং ঘটনাস্থল থেকে ককটেলসহ দুজনকে আটক করে।

এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার পর গুলশানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এত বড় জমায়েত কীভাবে হলো এবং আগে থেকে তথ্য থাকলে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি—এ নিয়ে প্রশ্ন ওঠে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর আগে বলেছিলেন, পুলিশের কোনো গাফিলতি ছিল না এবং ঘটনাটি সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলার সুযোগ নেই।

এর মধ্যেই মিছিলের পাঁচ দিন পর প্রশাসনিক কারণ দেখিয়ে গুলশান থানার ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার করা হলো।