ডোবায় ভাসছিল বস্তা ভেতরে মিলল ব্যবসায়ীর মরদেহ

১৬ সেপ্টেম্বর ২০২৬ - ১২:৫৭ অপরাহ্ণ
 0
ডোবায় ভাসছিল বস্তা ভেতরে মিলল ব্যবসায়ীর মরদেহ

নিখোঁজের একদিন পর ডোবা থেকে ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর ডোবা থেকে উদ্ধার হলো ভাঙারি ব্যবসায়ী মো. আইয়ুব হোসেনের বস্তাবন্দী মরদেহ। শুধু তাই নয়, মরদেহটির হাত-পা বাঁধা অবস্থায় ছিল। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে শোক, আতঙ্ক ও চাঞ্চল্য।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বুধবার সকালে ‘জালালাবাদ ওষুধ কোম্পানি’র পেছনে একটি ভাঙারি গোডাউনের পাশের ডোবায় বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তা খুলে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়।

নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসা করতেন। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় জামিল হোসেন নামে এক নিরাপত্তাপ্রহরীকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।