প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে অভিনেতা
প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে অভিনেতা
প্রবাসীদের ‘কামলা’ বলে মন্তব্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ও বাচিকশিল্পী আজাদ আবুল কালাম। তার মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী ও তাদের স্বজনদের অনেকে।
সম্প্রতি ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় কথা বলতে গিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশে ‘ইউরোপে কামলা খেটে চলে’ মন্তব্য করেন আজাদ আবুল কালাম। এরপরই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।
প্রবাসীদের অভিযোগ, পরিবার ছেড়ে বিদেশে কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠানো মানুষদের এভাবে সম্বোধন করা অসম্মানজনক। তবে অভিনেতার পক্ষ নিয়ে অনেকে বলছেন, তিনি সব প্রবাসীকে উদ্দেশ করে মন্তব্যটি করেননি, বরং নির্দিষ্ট ব্যক্তিদের প্রসঙ্গেই কথাটি বলেছেন।
এদিকে নিজের মন্তব্য নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া জানাননি আজাদ আবুল কালাম।