আইফোনের ৩ মডেলে সাইবার ঝুঁকি জরুরি আপডেট দিল অ্যাপল
সাইবার হামলার ঝুঁকিতে আইফোনের ৩ মডেল, জরুরি আপডেট অ্যাপলের
আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে অ্যাপল। বিশেষভাবে তৈরি ক্ষতিকর ফাইলের মাধ্যমে ফোনে অননুমোদিত কোড চালানোর সুযোগ তৈরি করতে পারে এমন একটি নিরাপত্তাত্রুটি সংশোধন করেছে প্রতিষ্ঠানটি। ঝুঁকি এড়াতে দ্রুত সফটওয়্যার আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।
অ্যাপলের নিরাপত্তা বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৬ অক্টোবর আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স ও এক্সআরের জন্য আইওএস ১৮.৭.১১ আপডেট প্রকাশ করা হয়। নির্দিষ্ট কিছু আইপ্যাডের জন্যও আপডেটটি উন্মুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, CVE-2026-86950 নম্বরে শনাক্ত হওয়া ত্রুটিটি কোরগ্রাফিকস সফটওয়্যারের সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে বিশেষভাবে তৈরি ক্ষতিকর ফাইল প্রক্রিয়াকরণের সুযোগ পেলে হামলাকারীরা ডিভাইসে নিজেদের তৈরি কোড চালাতে পারত। অত্যন্ত জটিল সাইবার হামলায় এই দুর্বলতা ব্যবহৃত হয়ে থাকতে পারে বলেও জানিয়েছে অ্যাপল।
এ ছাড়া, ক্যামেরায় অননুমোদিত প্রবেশ এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি করতে পারে—এমন আরও দুটি নিরাপত্তাত্রুটি সংশোধন করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে আইফোনের সেটিংস থেকে General অপশনে গিয়ে Software Update নির্বাচন করতে হবে। এরপর সর্বশেষ সমর্থিত আপডেট পাওয়া গেলে তা ইনস্টল করতে হবে। নিয়মিত সফটওয়্যার আপডেট করা এবং স্বয়ংক্রিয় আপডেট চালু রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।