ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত বাসের সঙ্গে স্কুটারের সংঘর্ষে মৃত্যু
ইতালিতে বাসের সঙ্গে স্কুটারের সংঘর্ষে বাংলাদেশি যুবক নিহত
ইতালির দক্ষিণাঞ্চলীয় বারী শহরে সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান নামে ৩০ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) একটি বাসের সঙ্গে তাঁর ইলেকট্রিক স্কুটারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, কাজ শেষে স্কুটার চালিয়ে বাসায় ফেরার পথে কোরসো ভিত্তোরিও এমানুয়েলে ও পিয়াচা মাসসারির মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনার শিকার হন জিয়াউর। স্থানীয় গণপরিবহন সংস্থা আমতাবের একটি বাসের সঙ্গে তাঁর স্কুটারের সংঘর্ষ হয়।
দুই বছর আগে ইতালিতে পাড়ি জমানো জিয়াউর একটি মোবাইলের দোকানে কাজ করতেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে আমতাব কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে পুলিশের পাশাপাশি নিজস্বভাবে যাচাই শুরু করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে, বাসটি ডান দিকে মোড় নেওয়ার সময় স্কুটার দিয়ে সেটিকে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে চালক ও স্থানীয়দের দাবি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দূতাবাস ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় জিয়াউর রহমানের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। তাঁর বাড়ি ফেনীতে।