৫ নভেম্বরের মধ্যে সব বই সরবরাহের নির্দেশ
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী ৫ নভেম্বরের মধ্যে সব পাঠ্যবই সরবরাহ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে বই মুদ্রণে নির্ধারিত মান বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর মাতুয়াইলে বর্ণমালা প্রেস ও গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট পরিদর্শনকালে এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এ সময় বই মুদ্রণের প্রক্রিয়া, কাগজের মান ও ছাপার গুণগত মান পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনে কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও অ্যালাইনমেন্টে ত্রুটি দেখতে পান ববি হাজ্জাজ। উৎপাদিত বইয়ের বড় অংশে যেন এ ধরনের ত্রুটি ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, মুদ্রণযন্ত্রের সক্ষমতা কিংবা কারিগরি সীমাবদ্ধতার অজুহাতে পাঠ্যবইয়ের মানের সঙ্গে আপস করা যাবে না। নির্ধারিত মান বজায় রেখে বই ছাপানো এবং প্রতিটি বইয়ের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য নয়। তাই মুদ্রণকাজের মান নিয়ন্ত্রণ ও তদারকি আরও জোরদার করতে হবে।
এ সময় আগামী বছর থেকে পুরোনো মেশিনে পাঠ্যবই ছাপালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর কাজ দেওয়া হবে না বলেও সতর্ক করেন প্রতিমন্ত্রী। ভবিষ্যতে কাজ পেতে মুদ্রণপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও উপযুক্ত যন্ত্রপাতি ব্যবহারের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি।