ফরাসি জানলেই কানাডায় বড় সুযোগ পিআর পেতে লাগবে যেসব যোগ্যতা

২৯ অক্টোবর ২০২৬ - ০৬:৪২ পূর্বাহ্ণ
 0
ফরাসি জানলেই কানাডায় বড় সুযোগ পিআর পেতে লাগবে যেসব যোগ্যতা

ফরাসি ভাষা জানলেই কানাডায় পিআরের বড় সুযোগ, লাগবে যেসব যোগ্যতা

কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পেতে ফরাসি ভাষায় দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের জন্য বিশেষ সুযোগ তৈরি হয়েছে। চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় ফরাসিভাষী প্রার্থীদের জন্য ১২টি ড্রয়ের মাধ্যমে ৬০ হাজার ৫০০টি আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। এতে কানাডায় যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্যও ফরাসি ভাষা শেখা বাড়তি সুবিধা তৈরি করতে পারে।

সর্বশেষ ২৭ অক্টোবরের ড্রয়ে আরও ৫ হাজার প্রার্থীকে স্থায়ী বসবাসের জন্য আবেদন করার আমন্ত্রণ জানিয়েছে কানাডার অভিবাসন বিভাগ। এ ড্রয়ে নির্বাচিত হওয়ার সর্বনিম্ন কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেম বা সিআরএস স্কোর ছিল ৪০৭।

কানাডা সরকার কুইবেক প্রদেশের বাইরে ফরাসিভাষী জনগোষ্ঠী বাড়ানো এবং দক্ষ কর্মীর চাহিদা পূরণে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই এক্সপ্রেস এন্ট্রির আওতায় ফরাসি ভাষায় দক্ষ প্রার্থীদের জন্য বিশেষ নির্বাচনপ্রক্রিয়া চালু রয়েছে।

চলতি বছরে কুইবেকের বাইরে ফরাসিভাষী স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ২৬৭ জন। ২০২৭ সালে এ লক্ষ্য বাড়িয়ে ৩১ হাজার ৮২৫ জন নির্ধারণ করা হয়েছে।

তবে শুধু ফরাসি ভাষা জানলেই কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। প্রার্থীদের সংশ্লিষ্ট অভিবাসন কর্মসূচির যোগ্যতা পূরণ, ভাষাগত দক্ষতার স্বীকৃত পরীক্ষায় প্রয়োজনীয় ফল, পর্যাপ্ত সিআরএস স্কোর এবং অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

তাই কানাডায় স্থায়ী বসবাসের পরিকল্পনা থাকলে ফরাসি ভাষা শেখার পাশাপাশি ইংরেজি দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা বাড়ানোর প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। বিশেষ ড্রয়ে আমন্ত্রণ পেলেও চূড়ান্ত অনুমোদনের জন্য আলাদাভাবে আবেদন ও যোগ্যতা যাচাই সম্পন্ন করতে হয়।