সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন বিনামূল্যে দেখা যাবে ৩টি জনপ্রিয় সিনেমা

৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:১৪ পূর্বাহ্ণ
 0
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন বিনামূল্যে দেখা যাবে ৩টি জনপ্রিয় সিনেমা

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার অভিনীত তিনটি সিনেমা বিনামূল্যে দেখানোর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

রোববার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ বিশেষ আয়োজন চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। সিনেমাপ্রেমী দর্শক ও সালমান শাহর ভক্তদের জন্য আয়োজনটি উন্মুক্ত থাকবে।

বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে প্রতিদিন বিকেল ৪টায় দেখানো হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় সিনেমা।

আয়োজনের প্রথম দিন ৬ সেপ্টেম্বর প্রদর্শিত হবে ‘স্বপ্নের ঠিকানা’। এরপর ৭ সেপ্টেম্বর দেখানো হবে সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’। ১৯৯৩ সালে এই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর।

আয়োজনের শেষ দিন ৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’। নব্বইয়ের দশকে জনপ্রিয় এই জুটির সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যু আজও চলচ্চিত্রপ্রেমীদের মনে গভীরভাবে নাড়া দেয়। আর তার মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে সিনেমা প্রদর্শনের এই আয়োজন নতুন প্রজন্মের দর্শকদেরও প্রিয় এই নায়কের অভিনয় দেখার সুযোগ করে দিচ্ছে।