নেপালে ভয়াবহ বিপদ থেকে বাঁচলেন অপু একদিনের ব্যবধানে রক্ষা!

২৯ আগস্ট ২০২৬ - ০৬:৪১ পূর্বাহ্ণ
 0
নেপালে ভয়াবহ বিপদ থেকে বাঁচলেন অপু একদিনের ব্যবধানে রক্ষা!

নেপালে ভয়াবহ বিপদ থেকে রক্ষা, দেশে ফিরে সেই অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে থাকা অপু বিশ্বাস ও পুরো শুটিং ইউনিট নিরাপদে দেশে ফিরেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান অপু বিশ্বাস।

তিনি বলেন, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টা দূরের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটে। অথচ পরদিন ২৭ আগস্ট একই পথ দিয়ে তাদের যাওয়ার পরিকল্পনা ছিল।

অপু বিশ্বাস জানান, মাত্র একদিনের ব্যবধানেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে তাদের পুরো দল। যে পথ দিয়ে কাঠমান্ডু ফেরার কথা ছিল, দুর্যোগের কারণে সেটি কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নেপালে শুটিং চালিয়ে যাওয়া ঠিক হবে না বলে সিদ্ধান্ত নেয় পুরো টিম। অপু বলেন, মানুষের এমন দুর্ভোগের মধ্যে গানের দৃশ্য ধারণ করা অমানবিক মনে হতে পারে। তাই সবার সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করা হয়।

এরপর নিরাপদে দেশে ফিরে আসেন অপু ও শুটিং ইউনিটের সদস্যরা।

কিছুদিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করছিলেন অপু বিশ্বাস ও তার সহশিল্পীরা। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি। নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভক্তরা।

এর আগে কলকাতায় ফিরে খরাজ মুখার্জিও জানিয়েছিলেন, তারা নিরাপদে ছিলেন। এবার ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ পরিস্থিতির অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস।