মাদ্রাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য নির্যাতনের অভিযোগ স্বজনদের,

৩ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:৩৯ পূর্বাহ্ণ
 0
মাদ্রাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য নির্যাতনের অভিযোগ স্বজনদের,

নড়াইলে মাদ্রাসাছাত্রের মৃত্যু, শারীরিক নির্যাতনের অভিযোগ

নড়াইলে সৈয়দ সোলায়মান ইসলাম অভি নামে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, মাদ্রাসায় শারীরিক নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

অভি নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সৈয়দ একরাম আলীর একমাত্র ছেলে। সে নড়াইল শহরতলির লস্কারপুর এলাকার মারকাজুল কোরআন মাদ্রাসার কিতাব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। মাদ্রাসার বোর্ডিংয়ে থেকেই পড়াশোনা করত সে।

পুলিশ ও স্বজনরা জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) সকালে অভি অসুস্থ হয়ে পড়লে তার স্বজনদের খবর দেওয়া হয়। সকাল ১০টার দিকে স্বজনরা মাদ্রাসায় গিয়ে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উচ্চতর চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন।

অভির পরিবারের অভিযোগ, মাদ্রাসায় তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করা হতো। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা বিষয়গুলো মেনে নিয়েছিলেন। তবে তাদের দাবি, সর্বশেষ নির্যাতনের কারণেই অভির মৃত্যু হয়েছে। তারা অভি সম্পূর্ণ সুস্থ ছিল দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তাদের দাবি, অভি গলা ও শরীরে ব্যথার কথা জানালে তার মাকে খবর দেওয়া হয়। পরে তার মা তাকে হাসপাতালে নিয়ে যান।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অভি আগের রাত থেকেই অসুস্থ ছিল। সকালে খাবার খাওয়ার পর সে বমি করে। স্বজনদের পক্ষ থেকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।