নিজ বাসায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মরদেহ সহকর্মীদের কাছে ছিলেন স্বাভাবিক ও হাসিখুশি

৩ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:৪৫ পূর্বাহ্ণ
 0
নিজ বাসায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মরদেহ সহকর্মীদের কাছে ছিলেন স্বাভাবিক ও হাসিখুশি

নিজ বাসায় ঝুলছিল বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে একটি সভায় ছিলেন ছায়েদুর রহমান। তখন তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এ সময় তিনি স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে স্ত্রী বাসায় ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ছায়েদুর রহমানের তিন মেয়ে। বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে (এমবিবিএস) পড়াশোনা করছেন—তারা দুজন ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক হিসেবে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।