ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ আপনার পরিবারও কি বাদ পড়বে?
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ
দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। তবে নতুন এই নীতিমালায় ৮ ধরনের ব্যক্তি বা পরিবারকে ফ্যামিলি কার্ডের সুবিধার বাইরে রাখা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, সরকার নির্ধারিত পিএমটি স্কোরের সীমার বেশি স্কোর পাওয়া পরিবার ফ্যামিলি কার্ড পাবে না। পাশাপাশি পরিবারের মনোনীত নারী প্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়মিত চাকরি করলে কিংবা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী হলে তিনিও এই সুবিধা পাবেন না।
এ ছাড়া নিয়মিত সরকারি পেনশন বা অবসর সুবিধা পাওয়া নারী প্রধানও ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন না। পরিবারের কোনো সদস্যের নামে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র, ব্যাংক সঞ্চয়, এফডিআর বা অন্য কোনো বিনিয়োগ থাকলেও কার্ড মিলবে না।
পরিবারের কারও নামে গাড়ি, জিপ, পিকআপ, বাস, ট্রাক, মাইক্রোবাসসহ নির্দিষ্ট তিন বা চার চাকার মোটরযান থাকলে সেই পরিবারও বাদ পড়বে। বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বৈধ ব্যবসা থাকলেও ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না।
এ ছাড়া পরিবারের কোনো সদস্য নিয়মিত করদাতা হলে এবং করযোগ্য আয় থাকলে, অথবা বসতভিটাসহ মোট আবাদি জমি শূন্য দশমিক ৫০ একর বা তার বেশি হলে পরিবারটি এই সুবিধার জন্য যোগ্য হবে না। একইভাবে ৫ লাখ টাকার বেশি বাজারমূল্যের অকৃষি বা বাণিজ্যিক জমি কিংবা স্পেস থাকলেও কার্ড পাওয়া যাবে না।
নীতিমালায় আরও বলা হয়েছে, একই সময়ে অন্য কোনো সমজাতীয় সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নেওয়া যাবে না। অর্থাৎ টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড, খাদ্যবান্ধব কর্মসূচি, ভিডব্লিউবি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার মতো সুবিধা পাওয়া নারী প্রধানকে আগের সুবিধা ছাড়তে হতে পারে।
সরকারের লক্ষ্য, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রায় ২ কোটি নারী পরিবার প্রধানকে জিটুপি পদ্ধতিতে মাসিক নগদ সহায়তা দেওয়া। এ কর্মসূচিতে পরিবারকে একটি সমন্বিত ডিজিটাল পরিচয়ের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।