‘আমার মতো বাউন্ডেলের সঙ্গে’ ২০ বছর সংসার করলেন শান্তা!
২০ বছরের দাম্পত্যে চঞ্চল চৌধুরী: ‘কখনও ভাবিনি আমার মতো বাউন্ডেলের সঙ্গে এতদিন সংসার করবে’
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও চিকিৎসক শান্তা চৌধুরীর দাম্পত্য জীবনের ২০ বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই দিনে নিজেদের ভালোবাসা ও সংসার জীবনের নানা স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন চঞ্চল।
বাটন ফোনের যুগে গভীর রাতে একটি অপরিচিত ফোনকলের মাধ্যমে শান্তার সঙ্গে তার পরিচয় হয়। ফোনের ওপার থেকে ওই তরুণী জানিয়েছিলেন, চঞ্চলের অভিনয় তার ভালো লাগে। সেই ফোনালাপ থেকেই ধীরে ধীরে তৈরি হয় সম্পর্ক।
চঞ্চল জানান, প্রায় এক মাস মোবাইলে কথা বলার পর সামনাসামনি দেখা না করেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তার পারিবারিক পরিস্থিতির কারণে বিয়ের সিদ্ধান্তে পরিবারের সদস্যরাও বেশ আনন্দিত ছিলেন। তবে শান্তার পরিবারের কয়েকজন এই সম্পর্কের বিরোধিতা করেছিলেন। শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।
প্রথমে আইনিভাবে এবং পরে ধর্মীয় রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
দাম্পত্য জীবনের দুই দশক পূর্ণ হওয়ার পর স্মৃতিকাতর হয়ে চঞ্চল লেখেন, ‘কখনও ভাবিনি আমার মতো একজন বাউন্ডেলের সঙ্গে ভদ্রমহিলা এতদিন সংসার করবে।’
সংসার টিকে থাকার অন্যতম কারণ হিসেবে নিজের একমাত্র সন্তান শুদ্ধের কথাও উল্লেখ করেন এই অভিনেতা। নিজের জন্য খুব বেশি কিছু না চাইলেও স্ত্রী ও সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
চঞ্চল লেখেন, ‘আমার জন্য কম প্রার্থনা করলেও, বউ-ছেলের জন্য সবাই দোয়া করবেন।’ পাশাপাশি সৃষ্টিকর্তার আশীর্বাদে তারা ভালো আছেন বলেও জানান তিনি।
চঞ্চল চৌধুরীকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। এছাড়া মৃণাল সেনের জীবন ও কর্ম অবলম্বনে নির্মিত ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে।