অসুস্থ রিফাত চৌধুরী পাশে দাঁড়ানোর আহ্বান চঞ্চলের

২৩ সেপ্টেম্বর ২০২৬ - ১১:১৫ পূর্বাহ্ণ
 0
অসুস্থ রিফাত চৌধুরী পাশে দাঁড়ানোর আহ্বান চঞ্চলের

রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান চঞ্চলের

শারীরিক অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে চিকিৎসা চলছে তার। তবে হাসপাতালে তার পাশে নেই পরিবারের কেউ। পাশাপাশি আর্থিক সংকটেও ভুগছেন এই অভিনেতা।

রিফাত চৌধুরী জানিয়েছেন, চিকিৎসার খরচ চালানোর মতো অর্থ তার কাছে নেই। সরকারি সহায়তার পরিবর্তে মানুষ ভালোবেসে পাশে দাঁড়ালে সেই সহযোগিতা গ্রহণ করবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রিফাত চৌধুরীর অসুস্থতার খবর দেখে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে রিফাত চৌধুরী ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না। তাই পরিচিতজন, ভক্ত, সহকর্মী, মিডিয়ার সংগঠন এবং সরকারের সংশ্লিষ্টদের তার সুচিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

চঞ্চল চৌধুরী আরও বলেন, মানুষ মানুষের জন্য। সবাই সাধ্য অনুযায়ী পাশে থাকলে রিফাত চৌধুরী একা নন। পাশাপাশি তার পাশে দাঁড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করারও আহ্বান জানান তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী। ‘হাউসফুল’, ‘৪২০’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘ক্যারাম’সহ বহু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি কবি হিসেবেও তার রয়েছে দীর্ঘ পথচলা। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে কবিতার জগতে প্রবেশ করেন রিফাত চৌধুরী। এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।