হাসপাতালের বিছানায় ঊর্ফী জাভেদ হাতে স্যালাইন, উদ্বিগ্ন ভক্তরা!
হাসপাতালে ভর্তি ঊর্ফী জাভেদ, কারণ জানেন না ভক্তরাও
হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা ঊর্ফী জাভেদ। হাতে স্যালাইন, মুখে ক্লান্তির ছাপ—হাসপাতালের বিছানা থেকে নিজের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই তারকা।
ঊর্ফীর এমন ছবি প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। হঠাৎ কী হয়েছে অভিনেত্রীর, তা নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন।
সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেন ঊর্ফী। একটি পোস্টে রসিকতার সুরে তিনি লেখেন, বছরে একবার হাসপাতালে ভর্তি হতেই হবে।
অন্য একটি ভিডিওতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় তাকে। এ সময় পেছনে বাজছিল জনপ্রিয় গান ‘ইতনি শক্তি হমে দে না দাতা’। ভিডিওতে অপারেশন থিয়েটারে অজ্ঞান হওয়ার অভিজ্ঞতার কথাও জানান তিনি।
তবে ঠিক কী কারণে ঊর্ফী হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি। তার টিমের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে তার অসুস্থতার কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এর আগেও স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ঊর্ফী। ২০২৪ সালের জানুয়ারিতে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় হাসপাতালের ছবি প্রকাশ করেছিলেন তিনি। তবে সেবারও হাসপাতালে ভর্তি হওয়ার কারণ জানাননি।
চলতি বছরের জুনে মুখ ফুলে যাওয়ার সমস্যার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী। তখন অনেকে এটিকে ফিলারের পার্শ্বপ্রতিক্রিয়া মনে করলেও ঊর্ফী জানিয়েছিলেন, অ্যালার্জি, মানসিক চাপ ও শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।
এবার হাসপাতালের বিছানা থেকে ঊর্ফীর ছবি ও ভিডিও প্রকাশ্যে আসায় তার ভক্তদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। তবে তার অসুস্থতার প্রকৃত কারণ জানতে এখন ঊর্ফীর পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকতে হবে।